বুদ্ধিমান খরগোশ
লোককথা (নমুনা পাঠ)
এক বনে এক সিংহ রোজ একটা করে পশু ধরে খেত। ভয় পেয়ে সব পশু মিলে ঠিক করল, রোজ একজন নিজে সিংহের কাছে যাবে।
একদিন খরগোশের পালা এল। সে ইচ্ছে করেই দেরি করে গেল। সিংহ রেগে জিজ্ঞেস করল, ‘এত দেরি কেন?’ খরগোশ বলল, ‘পথে আরেকটা সিংহ আমাদের আটকে রেখেছিল। সে বলছে, এই বনের রাজা সে।’
সিংহ গর্জে উঠে বলল, ‘কোথায় সে? আমাকে নিয়ে চল।’ খরগোশ তাকে এক গভীর কুয়োর ধারে নিয়ে গেল। কুয়োর জলে নিজের ছায়া দেখে সিংহ ভাবল, ওটাই সেই অন্য সিংহ। রাগে সে ঝাঁপ দিল, আর কখনো উঠে আসতে পারল না।
গল্পের শিক্ষা: গায়ের জোরের চেয়ে বুদ্ধির জোর বড়।